দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৪জনের
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ১৯ মে ২০২৫ সকাল সাড়ে ৬টার দিকে সাতোর ইউনিয়নের বেঙপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।
নিহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসচালক মানিক হোসেন (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার দেলোয়ার হোসেন (৪৫), বালিয়াডাঙ্গীর ইমরুল হাসান (৪৩), এবং রানিশংকৈল উপজেলার জুলফিকার আলী (৪৫) রয়েছেন। তাঁরা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন। তাঁরা রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসে রওনা হন। পথিমধ্যে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর জানান, ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত চারজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দশমাইল হাইওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বলছেন, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল দুর্ঘটনার একটি প্রধান কারণ। এই দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































